খাল খনন কর্মসূচি কবে শুরু হবে, জানালেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার:সাধারণ মানুষ, প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে আগামী ১৫ দিনের মধ্যেই দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রমজানে বাজারদর নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, যেসব নদী খনন করা প্রয়োজন সেগুলো পর্যায়ক্রমে খনন করা হবে এবং দখল হয়ে থাকা জলাশয় দ্রুত উদ্ধার করা হবে। একই সঙ্গে খাল পুনঃখননের একটি সমন্বিত কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে, যেখানে স্থানীয় জনগণ, প্রশাসন এবং কয়েকটি মন্ত্রণালয় একযোগে কাজ করবে।

 

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত দুই হাজার মাইলের বেশি খাল খনন করেছিলেন। সেই কর্মসূচিকে নতুনভাবে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ ও আবহাওয়ার বিষয় বিবেচনায় রেখে এ কর্মসূচির পাশাপাশি বৃক্ষরোপণ কার্যক্রমও চালানো হবে।

 

এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পঞ্চগড়কে রমজানকেন্দ্রিক ব্যবস্থাপনায় একটি মডেল জেলায় পরিণত করতে সবার সহযোগিতা কামনা করেন এবং জেলার উন্নয়ন ও বিদ্যমান সমস্যাগুলোর কথা শোনেন।

সভায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘নতুন বাংলাদেশ’ গঠনের বিভিন্ন দিকনির্দেশনার কথাও তুলে ধরেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More