জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগরে পাট, গ্রীষ্মকালীন মুগ, তিল ও উফশি জাতের ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জীবননগর কৃষি অফিস চত্বরে চলতি অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে খরিপ মৌসুমের এই বীজ ও সার বিতরণ শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় তিনি বলেন, কৃষকদের মাঝে যে কৃষি প্রণোদনা বিতরণ করা হচ্ছে সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে। আপনারা এগুলো সঠিক ব্যবহার করছেন কি-না এই বিষয়ে তদারকি করার জন্য আমাদের বিশেষ মনিটরিং টিম আছে। তারা এগুলো দেখভাল করবে। তিনি আরও বলেন, এখন কৃষকদের পাম্পে ডিজেল পেতে কিছুটা সমস্যা হচ্ছে। কৃষকেরা যেন সহজেই তেল পেতে পারে সেজন্য তাদেরকে প্রত্যায়ন দেয়া হবে। প্রত্যায়ন পত্র দেখিয়ে বাজারের এজেন্ট পয়েন্ট থেকে তেল নিতে পারবে। তবে কোন প্রকার তেলের অবৈধ মজুদ করা যাবে না। এই কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। জীবননগর কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, জীবননগর উপজেলায় মোট ৬ হাজার কৃষকের ৫ কেজি করে ধানের বীজ, ৫০০ কৃষকের ৫ কেজি পাটের বীজ, ২০০ কৃষকের ৫ কেজি মুগের বীজ ও ১৩০ জন কৃষকের ১কেজি করে তিলের বীজ বিতরণ করা হবে। তাছাড়াও প্রতিটি কৃষকের ডিএপি ও পটাশ সার দেয়া হবে। কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জামিল আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.