সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল : নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

 

স্টাফ রিপোর্টার: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারায় বাংলাদেশের ছেলেরা। বুধবার মালদ্বীপের মালে স্টেডিয়ামে বাংলাদেশের পক্ষে একমাত্র জয়সূচক গোল করেন মানিক। সেমিফাইনালে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। গোল পেতে ১০ মিনিটের বেশি অপেক্ষা করতে হয়নি। মোর্শেদের চিপ থেকে বক্সে লাফিয়ে হেড করেন মানিক। পরের মিনিটে বাংলাদেশ আবার নেপালের জালে বল পাঠায়। দারুণ দক্ষতায় বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান আমেরিকান প্রবাসী রোনান সুলিভান। তিনি যখন বল রিসিভ করেন তখন নেপালের ডিফেন্ডারের চেয়ে এগিয়ে ছিলেন। সহকারী রেফারি অফ সাইডের পতাকা তোলেন। বাংলাদেশের ডাগ আউট থেকে এটার প্রতিবাদ হয়েছে ব্যাপকভাবে। তাতে ১-০ গোলের লিড নিয়ে বাংলাদেশ ড্রেসিংরুমে ফেরে। দ্বিতীয়ার্ধের প্রথম ২০-৩০ মিনিট বাংলাদেশকে যথেষ্ট চাপে রাখে নেপাল। গোলের কয়েকটি আক্রমণ করলেও ভালো সেভ করেছেন বাংলাদেশের গোলরক্ষক মাহিন।  ৬ মিনিট ইনজুরি সময়ে দুই দলই গোলের জন্য মরিয়া ছিল। আর কোনো গোল না হওয়ায় বাংলাদেশ ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে। রোনান-মোর্শেদরা ফাইনালে উঠায় মালে স্টেডিয়ামে বাংলাদেশি প্রবাসীরা উল্লাস করেন। ২০২৪ সালে সাফের এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। নেপালকে হারিয়ে আবার শিরোপা লড়াইয়ে রয়েছে লাল-সবুজের দলটি। বাংলাদেশের ফাইনালের প্রতিপক্ষ নির্ধারণ হবে আজ রাতে ভারত ও ভুটানের ম্যাচের পর।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More