স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক মারপিট মামলায় তিন আসামিকে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। গতকাল সোমবার চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামের মৃত নবিছ উদ্দিনের দুই ছেলে মো. রফিকুল ইসলাম সেন্টু (৪৫) ও মো. রমিজ উদ্দিন (৫৫) এবং একই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মো. জাহিদুল ইসলাম জাহিদ হোসেন (৫৪)। রায়ে দণ্ডবিধির ৩২৩ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। তবে আদালত আসামিদের কারাগারে না পাঠিয়ে সমাজসেবা কর্মকর্তার তত্ত্বাবধানে ‘প্রবেশন’ বা চারিত্রিক সংশোধনের সুযোগ দিয়েছেন। মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট ২০২৪ তারিখ সকালে আলমডাঙ্গার জেহালা গ্রামের মো. আরিফিন হোসেনের পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জেরে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আরিফিনের বাড়িতে প্রবেশ করে তার ১২ বছর বয়সী পুত্র মো. আতিফ আকবর এবং স্ত্রী মোছা. সুরভী খাতুনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে আরিফিন তাদের বাঁচাতে এগিয়ে এলে তাকেও ধারালো রাম দা দিয়ে আঘাত করে রক্তাক্ত করা হয়। এ ঘটনায় আরিফিন হোসেন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত গতকাল সোমবার এই রায় প্রদান করেন। রায় শেষে দণ্ডপ্রাপ্তদের সমাজসেবা কর্মকর্তার অধীনে নির্দিষ্ট শর্তে প্রবেশনে মুক্তি দেয়ার নির্দেশ দেয়া হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.