জীবননগরে পিতার হাতে অপহৃত শিশু উদ্ধার, মুক্তিপণ দাবির ঘটনায় গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পিতার হাতে অপহৃত এক শিশুকে শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির পিতা ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে অপহৃত শিশু সিয়াম (৮)-কে তার পিতা মো. আজিজুল (২৮) ও সহযোগী মো. আক্তার (২৬) অপহরণ করে। পরে শিশুটিকে একটি নির্জন বাগানে নিয়ে হাত-পা বেঁধে গলায় ধারালো হাসুয়া ধরে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। দাবি করা টাকা না দিলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান তাৎক্ষণিকভাবে জীবননগর থানা পুলিশ ও ডিবি (সিসিআইসি) টিমকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তার সার্বিক দিকনির্দেশনায় পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে।

অভিযানের এক পর্যায়ে একই দিন রাত সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার পাকা দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুটির পিতা সাতক্ষীরা কালোরোয়া থানার মোড়াকাটি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আজিজুল (২৮) ও তার সহযোগী জীবননগর উপজেলার দক্ষিণপাড়ার মৃত আব্দুল মজিদ এর ছেলে আক্তার (২৬) কে গ্রেফতার করা হয়। এ সময় শিশু সিয়ামকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ভিকটিমের জীবন রক্ষার্থে বিকাশের মাধ্যমে দেওয়া ১০ হাজার ৩০০ টাকার মধ্যে ৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি ধারালো হাসুয়া জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শিশুটির মা বর্তমানে ভারতে প্রবাসে অবস্থান করছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে শিশুটিকে অপহরণ করে গলায় ধারালো অস্ত্র ধরে ছবি তুলে মায়ের কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়।

এ ঘটনায় জীবননগর থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More