স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গাকে আধুনিক ও উন্নত জনপদে রূপান্তরের অঙ্গীকার নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩টায় আলমডাঙ্গা এটিম ফুটবল মাঠে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও আহ্বায়ক মোহাম্মদ শহীদুল কাউনাইন টিলু। জনসভাটি সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ।
তিনি বলেন, “দেশ ও মানুষের অধিকার পুনরুদ্ধারে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটে নির্বাচিত হয়ে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গাকে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য জনপদে রূপান্তর করাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে এবং উন্নয়নের নামে বৈষম্য ও দুর্নীতির রাজনীতি বন্ধ করা হবে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দিতেই বিএনপি নির্বাচনী মাঠে নেমেছে।
জনসভায় আলমডাঙ্গা ও আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ জনসভা ঘিরে এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
জনসভাটি আয়োজন করে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.