মহেশপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জিয়াউর রহমানের নাম না নেয়ায় ইউএনওর অনুষ্ঠান বর্জন বিএনপির

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। স্বাধীনতার ঘোষক ও বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বক্তব্যে উল্লেখ না করার অভিযোগ তুলে অনুষ্ঠান বর্জন করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত দিবসের কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খাদিজা আক্তার। এ সময় তিনি ইচ্ছাকৃতভাবে জিয়াউর রহমানের নাম উচ্চারণ করা থেকে বিরত থাকেন বলে অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা। একই সঙ্গে তাদের দাবি, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গও বক্তব্যে এড়িয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান বর্জন করে সভাস্থল ত্যাগ করেন। তাদের মতে, একজন সরকারি কর্মকর্তার বক্তব্যে ইতিহাসের একটি অংশ উপেক্ষিত হয়েছে। এতে তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং এর তীব্র নিন্দা জানিয়েছেন।

মহেশপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নু বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সরকারি কর্মসূচিতে উপজেলা প্রশাসনের আমন্ত্রণে আমরা সে অনুষ্ঠানে উপস্থিত হই। কিন্তু ইউএনও খাদিজা তার স্বাগত বক্তব্যের কোনো অংশে স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় আমরা অনুষ্ঠান বর্জন করে সেখান থেকে চলে এসেছি।

তিনি আরও বলেন, এই উপজেলা প্রশাসন একটা পক্ষের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। যার জন্য মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষক ও বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বক্তব্যে উল্লেখ করেননি।

স্থানীয় বিএনপিরা বলেন, দেশের স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য এবং তার নাম উপেক্ষা করা দুঃখজনক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, জাতীয় দিবসের কর্মসূচিতে সরকার নির্ধারিত বার্তা ও নির্দেশনার আলোকে বক্তব্য প্রদান করা হয়েছে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া বাণীতে যে বিষয়গুলো গুরুত্ব পেয়েছে সেগুলোই তার বক্তব্যে তুলে ধরা হয়েছে।

প্রসঙ্গত, এ ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বিকেল ৩টায় খাদিজা আক্তারকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ডাক দেয় উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More