সড়কে শৃঙ্খলা ফেরাতে চুয়াডাঙ্গায় পুলিশের অভিযান অব্যাহত

আরও ৬২ মামলায় জরিমানা ৩ লাখ ৩৮ হাজার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সড়ক শৃঙ্খলা নিশ্চিত ও ট্রাফিক আইন বাস্তবায়নে পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী জেলার ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬২ মামলা ও ৩ লাখ ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পুলিশ সুপার রুহুল কবির খানের দিকনির্দেশনায় জেলা ট্রাফিক বিভাগ এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে যানবাহনের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ ও রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। জেলা ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা রেলবাজার ফুড গোডাউন এলাকা, কালুর হোটেলের সামনে, দৌলাতদিয়াড়, আবহাওয়া অফিসের সামনে, দর্শনা থানা বাসস্ট্যান্ড, জীবননগর বাসস্ট্যান্ড এবং আলমডাঙ্গা শহরে একযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে ৫টি রেজিস্ট্রেশনবিহীন যানবাহন, ৪৩ জন চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং ১৪ জন আরোহীর হেলমেট না থাকায় মোট ৬২টি মামলা দায়ের করা হয়। চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের টিআই (অ্যাডমিন) আমিরুল ইসলাম বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা রোধে পুলিশ ও ট্রাফিক বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।’ সড়কে শৃঙ্খলা ফেরাতে জেলা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ পথচারী ও সচেতন মহল। তারা মনে করছেন, নিয়মিত তদারকি থাকলে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More