সংরক্ষিত ৫০ আসনে ১১০০ দলীয় মনোনয়ন ফরম বিক্রি বিএনপির

 

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে তিন দিনে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন ১১০০ জন। এর মধ্যে ফরম জমা দেয়ার শেষ দিন গতকাল রোববার রাত সাড়ে ১০টা পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়শ’র বেশি ফরম জমা পড়ার তথ্য দিয়েয়েছেন দলের সহ-দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং। তিনি বলেন, ‘জমাদান আমরা ওপেন রেখেছি। সকালে গণনা করে আপনাদেরকে জমার সংখ্যা জানানো হবে। আগামী ১২ মে সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৫০ আসনে নির্বাচন হবে। এ নির্বাচনে দলের টিকেট পেতে আগ্রহীদের জন্য শুক্রবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। সারাদেশ থেকে মহিলা দল ও বিএনপির নেত্রীরা সরাসরি বা তাদের পক্ষে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেছেন, যার সংখ্যা দাঁড়িয়েছে ১১০০। প্রতিটি ফরম ২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। ফরম পুরণ করে জমা দেওয়ার সময়ে প্রত্যেক মনোনয়নপ্রত্যাশীকে ৫০ হাজার টাকা জমানত হিসেবে দিতে হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সকালে সাংবাদিকদের বলেন, আজকে ফরম জমা দেয়ার শেষ দিন। ‘আমরা প্রত্যাশা করছি যে, গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বরাবরই বিএনপি যেভাবে তার সংসদ সদস্যদের বাছাই করেন ঠিক একইভাবে এবারও সেই পদ্ধতিটি অবলম্বন করা হবে। অর্থাৎ এখন দলের নীতিনির্ধারণী ফোরাম পার্লামেন্টারি বোর্ডের কাছে এসব ফরম যাবে। তারাই সিদ্ধান্ত নেবেন কী প্রক্রিয়ায় প্রার্থী বাছাই হবে।’ বুধবার সকালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়ন দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর সেই আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০ এপ্রিল। বৃহস্পতিবার থেকে নির্বাচন কমিশনে রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন আগ্রহী প্রার্থীরা। শনিবার পর্যন্ত তিন দিনে বিএনপির ১২৫ জন মনোনয়নপত্র সংগ্রহণ করেছে বলে তথ্য দিয়েছে কমিশন। ইসি বলছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গেল ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে বিএনপি ২০৯ আসন পায়। এছাড়া তার মিত্র তিন দল একটি করে আসন পেয়েছে। বৃহস্পতিবারের নির্বাচনে শেরপুর-৩ আসনটিও পেয়েছে ক্ষমতাসীন বিএনপি। অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮ আসন নিয়ে বিরোধী দলের আসনে বসেছে। তাদের জোটের তিন শরিক পেয়েছে নয় আসন। সংসদে প্রতিনিধিত্বের ভিত্তিতে সংরক্ষিত নারী আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি, স্বতন্ত্ররা মিলে পাচ্ছে একটি আসন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More