ট্যাগ অফিসার নিয়োগ : কৃষিতে অগ্রাধিকার ডিজেল সরবরাহ
মেহেরপুরে জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে জরুরিসভা অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে ফিলিং স্টেশনগুলোতে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। একইসঙ্গে কৃষিখাতে অগ্রাধিকার ভিত্তিতে ডিজেল সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ফিলিং স্টেশন মালিক, রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময়সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জানানো হয়, গম হারভেস্টার যন্ত্র ও স্যালো ইঞ্জিন চালিত সেচ পাম্পে অগ্রাধিকার ভিত্তিতে ডিজেল সরবরাহ করা হবে। এজন্য সংশ্লিষ্ট কৃষকদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা কৃষি কর্মকর্তার স্বাক্ষরিত প্রত্যয়নপত্র প্রদান করা হবে। এছাড়া জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হবে, যারা সার্বিক তদারকি করবেন। জ্বালানি তেলের মজুদ, সরবরাহ, বিপণন ও বিক্রয় ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনভোগান্তি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন। সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, ক্যাব মেহেরপুর জেলা কমিটির সভাপতি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এবং জ্বালানি খাতের প্রতিনিধিরা। সভায় বক্তারা জনসাধারণের সুবিধা নিশ্চিত করতে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং বাজারে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.