চুয়াডাঙ্গার হাতিকাটায় স্ত্রীর ইটের আঘাতে স্বামীর মাথা জখম : হাসপাতালে নিলেন স্ত্রী নিজেই

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা বাজারে পারিবারিক কলহ ও টাকা চুরির অভিযোগকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্ত্রীর ইটের আঘাতে স্বামী শিবলু হোসেন (২৯) মাথায় গুরুতর জখম হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে হাতিকাটা প্রধান সড়কে এই ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা গেছে, শিবলু হোসেন পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। তার মাথার টিউমার অপারেশনের জন্য জমানো ৩০ হাজার টাকা নিয়ে তার স্ত্রী আসমানিক (১৯) বাবার বাড়ি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ করেন শিবলু হোসেন। হাতিকাটা মোড়ে শিবলু তার স্ত্রীকে ভ্যান থেকে নামিয়ে লাঠি দিয়ে মারধর শুরু করেন। এ সময় স্ত্রী আসমানিক আত্মরক্ষার্থে রাস্তার পাশে পড়ে থাকা ইট দিয়ে শিবলুর মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। স্বামী গুরুতর আহত হওয়ার পর স্ত্রী আসমানিক নিজেই স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, শিবলু হোসেনের মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে। ঘটনার প্রেক্ষাপট বিবেচনায় হাসপাতাল কর্তৃপক্ষ উভয়ের চিকিৎসার নথিতে ‘পুলিশ কেস’ সিল মেরে দিয়েছে এবং চিকিৎসা শেষে দুজনাকেই চুয়াডাঙ্গা সদর থানায় সশরীরে যোগাযোগ করার নির্দেশ প্রদান করেছে। অন্যদিকে স্ত্রী আসমানিকের দাবি, তার স্বামী নিয়মিত নেশা করেন এবং তাদের সংসারে দীর্ঘদিন ধরে অশান্তি চলে আসছে। তাদের একটি সন্তানও রয়েছে। সংবাদ সংগ্রহের সময় আহত শিবলু হোসেন এই প্রতিবেদককে সংবাদ প্রকাশ না করার জন্য হুমকি প্রদান করেন এবং সংবাদ প্রকাশ করলে দেখে নেয়ার কথা বলেন। এ সময় উপস্থিত এএসআই প্রবীল তাৎক্ষণিক এগিয়ে এসে শিবলু হোসেনকে তার এই অপেশাদার আচরণের জন্য শাসান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে প্রতিবেদককে পেশাগত নিরাপত্তা নিশ্চিত করেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বের সাথে অবহিত করা হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More