ভ্রাম্যমান প্রতিনিধি: আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নের মহেশপুর গ্রামে বেশি দামে ডিজেল বিক্রি ও অবৈধ মজুদের দায়ে জিনারুল ইসলাম (৪৪) নামে এক মুদি দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে দোকান থেকে মজুদকৃত ১৬০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত জিনারুল ইসলাম মহেশপুর গ্রামের মৃত কিতাপ আলি মন্ডলের ছেলে এবং ‘জিসান স্টোর’ নামক মুদি দাকানের মালিক। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের আইসি মিজান ও টুআইসি সোহেল মহেশপুর গ্রামের জিসান স্টোরে অভিযান চালান। অভিযানে দেখা যায়, সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে ১৪০ টাকা লিটার দরে ডিজেল বিক্রি করা হচ্ছে। তল্লাশি চালিয়ে দোকান থেকে ৮টি কন্টেইনারে রাখা আনুমানিক ১৬০ লিটার অবৈধভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে আলমডাঙ্গা থানাকে অবহিত করা হলে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হন। আদালত পরিচালনা করেন অতিরিক্ত কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম। তিনি পেট্রোলিয়াম আইনে অভিযুক্ত জিনারুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত তেল সরকারি হেফাজতে নেয়ার নির্দেশ দেন। অভিযান চলাকালীন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাঈলসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম জানান, অসাধু উপায়ে জ্বালানি তেল মজুদ এবং সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত দাম আদায়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.