কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের শাকদহচর গ্রামে সম্প্রতি আগুনে বসতবাড়ি পুড়ে যাওয়া ও দুইজন মৃত্যুবরণ করায় জেলা প্রশাসক ইকবাল হোসেনের নির্দেশে পুড়ে যাওয়া জায়গায় ৪ লক্ষ টাকা প্রাক্কলিত মূল্যে নতুন দূর্যোগসহনীয় ঘর নির্মাণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম। বুধবার সকালে উক্ত ইউনিয়নের শাকদহচর গ্রামে নিহতের জায়গার উপর এ ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, ইউনিয়ন পরিষদের প্রশাসক বদিউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
এব্যাপারে ইউএনও নাজমুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ও প্রাণহানির শিকার পরিবারের পাশে দাঁড়ানো সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অংশ। ক্ষতিগ্রস্ত হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে ঘর নির্মাণের কাজ শুরু করা স্থানীয় প্রশাসনের নৈতিক দায়িত্ব। এ ধরনের কাজের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা ও নিরাপত্তা বোধ বৃদ্ধি পায়। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব এবং ভবিষ্যতেও এধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী জানান, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম কর্তৃক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ কাজের উদ্বোধন অত্যন্ত প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ। এই উদ্যোগের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারটি পুনরায় তাদের মাথা গোঁজার ঠাঁই খুঁজে পাবে।
উল্লেখ্য গত ১৫ জানুয়ারি ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা প্রশাসক ও উপজেলা প্রশসানের পক্ষ থেকে ৭৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক ইকবাল হোসেন ও মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম। এ সময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.