কেরুজ ফুরশেদপুর কৃষি খামারের জমি দখল করে দোকান

ঘর নির্মাণ বাধা দেয়ায় পাহারাদারকে হুমকির অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির আওতাধীন ফুরশেদপুর কৃষি খামারের জমি দখল করে জোরপূর্বক দোকান ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের কোটালী গ্রামের মজিবুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ঘর নির্মাণে বাধা দেয়ায় খামারের পাহারাদারকে পা কেটে দেয়ার হুমকি দেয়া হয়েছে বলেও জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে কোটালী গ্রামের রহমানের ছেলে মজিবুল ইসলাম কোটালী হাটের সামনে কেরুজ চিনিকলের ফুরশেদপুর কৃষি খামারের জমি দখল করে সিমেন্টের খুঁটি ও টিনের চাল দিয়ে দোকান ঘর নির্মাণ শুরু করেন। খবর পেয়ে খামার ইনচার্জের নির্দেশে পাহারাদার নাজিম উদ্দিন সেখানে গিয়ে বাধা প্রদান করেন। পাহারাদার নাজিম উদ্দিন অভিযোগ করে বলেন, ‘মজিবুল গায়ের জোরে সরকারি জায়গা দখল করে ঘর তুলছিলেন। আমি কর্তৃপক্ষের নির্দেশে তাকে বাধা দিতে গেলে তিনি আমাকে নানাভাবে হুমকি-ধামকি দেন। এমনকি বাধা দিলে আমার পা কেটে নেয়ারও হুমকি দেন তিনি।’ এ বিষয়ে অভিযুক্ত মজিবুল ইসলাম জমি দখলের বিষয়টি স্বীকার করে বলেন, ‘এখানে আমার নিজস্ব কোনো জায়গা না থাকায় ব্যবসার জন্য রাস্তার পাশের পরিত্যক্ত জায়গায় ঘর তুলেছি। কেরুজ কর্তৃপক্ষ এখানে কোনো চাষাবাদ করে না।’ কাজটি ন্যায়সঙ্গত কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘জায়গা নেই তাই করেছি, তবে আমি জানি এটি অপরাধ।’ কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, অবৈধভাবে নির্মিত সেই দোকান ঘর ইতোমধ্যে ভেঙে দেয়া হয়েছে। তিনি কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সরকারি সম্পদ কেউ জোরপূর্বক ভোগ দখল করতে পারে না। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More