স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে আগামী নতুন আহ্বায়ক কমিটি গঠন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি ৩ মাসের জন্য চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছিল। তবে নির্দিষ্ট ৩ মাস সময় পার হওয়ার পরও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে ব্যর্থ হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত হয়ে গেছে। উদ্ভূত পরিস্থিতিতে সংগঠনকে গতিশীল করতে বীর মুক্তিযোদ্ধা রামপদ সাহাকে নতুন করে চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়েছে। পত্রে উল্লেখ করা হয়, তিনি সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় সংযোজন ও বিয়োজন করে একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করবেন। এই নির্দেশনাটি চুয়াডাঙ্গা জেলার হিন্দু মহাজোটের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ স্বপন কুমার চক্রবর্তী ও চিরু কুমার সাহাসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে নতুন কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম জোরদার হবে বলে আশা প্রকাশ করছে কেন্দ্রীয় কমিটি।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.