চুয়াডাঙ্গার সরোজগঞ্জে বজ্রপাত : বসতবাড়ির লক্ষাধিক টাকার ক্ষতি বৈদ্যুতিক সরঞ্জাম ভস্মীভূত
পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ এলাকায় ভয়াবহ বজ্রপাতের ঘটনায় একটি বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বজ্রপাতের আঘাতে ঘরের একাধিক মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে সরোজগঞ্জ হলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে ওই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতের উচ্চ ভোল্টেজে হল পাড়া এলাকার বাসিন্দা আতিয়ার রহমানের ঘরের ২টি ফ্রিজ, একটি টেলিভিশন এবং একটি পানির মোটর মুহূর্তের মধ্যেই বিকল হয়ে যায়। ভুক্তভোগী আতিয়ার রহমান জানান, ‘হঠাৎ করেই বজ্রপাত হয় এবং চোখের পলকে ঘরের বৈদ্যুতিক সরঞ্জামগুলো নষ্ট হয়ে যায়। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’ স্থানীয় বাসিন্দারা জানান, বজ্রপাতের সময় পুরো এলাকা কেঁপে ওঠে। আগুনের ফুলকি ও ধোঁয়া দেখে অনেকেই আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা জরুরি। স্থানীয়রা ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে এলাকায় সচেতনতামূলক কার্যক্রম জোরদার এবং সরকারি উদ্যোগে বজ্রপাত নিরোধক দ- স্থাপনের দাবি জানিয়েছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.