দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠসংলগ্ন শহীদ মিনারের পেছনে সরকারি জমি দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের চেষ্টা চালানো হয়। তবে স্থানীয়দের সতর্কতা ও উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে নির্মাণকাজ বন্ধ হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে কয়েকজন ব্যক্তি ওই স্থানে নির্মাণকাজ শুরু করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত উপজেলা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম ইউনিয়ন ভুমি অফিস কে দেখতে বলেন ও সদর ইউপি চেয়ারম্যন হযরত আলি বিষয়টি জানালে চেয়ারম্যান ও ইউনিয়ন ভুমি অফিসের লোকজন ঘটনাস্থল গিয়ে কাজ বন্ধ করে দেন। রোববার সকালে পুনরায় উপজেলার হাউলী ইউনিয়নের সুবলপুর গ্রামের দাউদ মন্ডলের ছেলে সালাহ উদ্দীন ওই জমিতে পুনরায় দোকান ঘর তৈরির চেষ্টা করেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভুমি) শাহিন আলম, ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মাণকাজের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। এ সময় তিনি সরকারি জমি দখলের চেষ্টা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি জমি দখলের কোনো চেষ্টা বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকান্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা প্রশাসনের দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.