মন্ত্রী হয়ে যশোরে ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত অনিন্দ্য ইসলাম অমিত

স্টাফ রিপোর্টার:জনগণের ভোটে নির্বাচিত নতুন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজ জেলা যশোরে এসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে দুই দিনের সফরে তিনি যশোরে পৌঁছালে জেলা প্রশাসন, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাঁকে বরণ করে নেন।

সকাল সাড়ে ১০টার পর রাজধানী ঢাকা থেকে বিমানযোগে যশোরে পৌঁছান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় বিমানবন্দরে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন দলীয় নেতাকর্মীদের নিয়ে অভ্যর্থনা জানান তাঁকে।

বিমানবন্দর থেকে রাষ্ট্রীয় প্রটোকলে তিনি যশোর সার্কিট হাউসে যান। সেখানে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনিন্দ্য ইসলাম অমিতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে এই শুভেচ্ছা বিনিময় পর্ব।

শুভেচ্ছা জানানো সংগঠনগুলোর মধ্যে ছিল-যশোর স্থানীয় সরকার বিভাগ, যশোর সরকারি এম এম কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি সিটি কলেজ, যশোর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, নতুনহাট পাবলিক কলেজ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতি (যশোর জেলা শাখা), বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (যশোর জেলা শাখা), জেলার ক্রীড়া সংগঠকবৃন্দ, সাংবাদিক ইউনিয়ন যশোর, বাংলাদেশ মোটরপার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ী সমিতি (যশোর সার্কেল), নগর বিএনপি ও সদর উপজেলা বিএনপিসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, যশোরসহ সমগ্র দেশবাসীর প্রত্যাশা পূরণে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। নির্বাচনের আগে যশোরবাসীর কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
এদিন প্রতিমন্ত্রী অমিত জুমা’র নামাজ আদায় করেন শহরের কারবালা জামে মসজিদে। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি প্রয়াত পিতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More