আলমডাঙ্গায় তেল বিক্রি ঘিরে প্রশাসনের তৎপরতা, কাগজপত্র যাচাইয়ে ৬ জনকে জরিমান
আলমডাঙ্গা ব্যুরো:
আলমডাঙ্গা উপজেলায় জ্বালানি তেল বিক্রিকে কেন্দ্র করে শহরজুড়ে প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। মঙ্গলবার সকাল ৭টা থেকে একযোগে হক ফিলিং স্টেশন ও উত্তরা ফিলিং স্টেশনে পেট্রোল বিক্রি শুরু হয়।
এর মধ্যে হক ফিলিং স্টেশনে ৩,০০০ লিটার পেট্রোল দ্রুত শেষ হয়ে যায়। অপরদিকে উত্তরা ফিলিং স্টেশনে ৮,০০০ লিটার পেট্রোল বিক্রি বিকেল পর্যন্ত অব্যাহত থাকে।
তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের বৈধ কাগজপত্র যাচাই করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোঃ ছফিউল্লাহ। পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
এসময় বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জনকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন—পাচলিয়া গ্রামের শহিদুল ইসলাম (১,০০০ টাকা), দুর্লভপুর গ্রামের জিন্নাত আলী (১,০০০ টাকা), বাড়াদি গ্রামের জহির উদ্দিন (১,০০০ টাকা), আসাননগর গ্রামের নাজমুল ইসলাম (১,০০০ টাকা), বাবুপাড়ার মিল্টন আলী (৫০০ টাকা) এবং একই উপজেলার অপর এক মোটরসাইকেল চালককে ২,০০০ টাকা জরিমানা করা হয়।
প্রশাসন জানিয়েছে, শুধুমাত্র বৈধ ফুয়েল কার্ডধারীরাই পেট্রোল সংগ্রহ করতে পারবেন। এ ক্ষেত্রে ফুয়েল কার্ডের পাশাপাশি অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
অন্যদিকে আলমডাঙ্গা পৌরসভার এরশাদপুর এলাকায় মেসার্স ইব্রাহীম ট্রেডার্স এজেন্ট পয়েন্টে সকাল ৯টা থেকে ৯,০০০ লিটার ডিজেল বিক্রি শুরু হয়। কৃষকদের ক্ষেত্রে উপজেলা কৃষি অফিসের সুপারিশ ও প্রত্যয়ন সাপেক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে ডিজেল সংগ্রহের সুযোগ দেওয়া হচ্ছে।
জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এসময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর আলী, পুলিশ পরিদর্শক (অপারেশন) হোসেন আলীসহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়া দুইটি ফিলিং স্টেশনে উপজেলা পরিষদের পক্ষ থেকে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.