কার্পাসডাঙ্গা প্রতিনিধি: কার্পাসডাঙ্গায় মরহুম ডাঃ নজির আহম্মদ-এর পরিবারের উদ্যোগে এক আন্তরিক ও ধর্মীয় পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার প্রায় ৭০০ মানুষের সঙ্গে একসাথে ইফতার করা হয়, যা এলাকায় ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
অনুষ্ঠানে ইফতারের আগে কুরআন তিলাওয়াত ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর সবাই সম্মিলিতভাবে ইফতারে অংশগ্রহণ করেন। ইফতারের পর মরহুম ডাঃ নজির আহম্মদ বিশ্বাস, তাঁর সহধর্মিণী মরহুমা আমেনা বেগমসহ পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানীয় আলেমদের পরিচালনায় অনুষ্ঠিত দোয়ায় দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনাও করা হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী, এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। আয়োজক পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মরহুমদের স্মরণে সওয়াবের উদ্দেশ্যে এবং এলাকাবাসীর সঙ্গে ইফতারের আনন্দ ভাগাভাগি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উপস্থিত অতিথিরা এ ধরনের আয়োজনকে অত্যন্ত মহৎ ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.