চুয়াডাঙ্গায় পৃথক মামলায় দুজনের কারাদণ্ড

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলায় চেক জালিয়াতি ও মাদক বহনের দায়ে দুই আসামিকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল রোববার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলী এই রায় ঘোষণা করেন। এনআই অ্যাক্টের মামলায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শিয়ালমারী গ্রামের মোছা. মুনাজিরা খাতুনকে (৪০) এক বছরের কারাদণ্ড ও ৬৫ হাজার ৭৭১ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। মামলার বিবরণ থেকে জানা যায়, মোছা. মুনাজিরা খাতুন আশার এনজিও সুতিগাছা শাখা হতে ৮০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। ঋণের কিস্তি পরিশোধের জন্য তিনি অগ্রণী ব্যাংক লিমিটেড, চুয়াডাঙ্গা শাখার একটি চেক প্রদান করেন যা পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় ডিজঅনার হয়। এ ঘটনায় এনআই অ্যাক্টের ১৩৮(১) ধারায় আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এই সাজা প্রদান করেন। বর্তমানে আসামি পলাতক রয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ঝিনাইদহ জেলার নওয়াপাড়া গ্রামের মো. রমজান আলীকে (৫০) তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও ৬০ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। মামলা সূত্রে জানা যায়, গত ১৩ জুন ২০২৫ তারিখে চুয়াডাঙ্গা সদর থানার ডিঙ্গেদহ এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে ২৮৫ বোতল নেশাজাতীয় হোমিওপ্যাথিক ওষুধ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮৫ হাজার ৫০০ টাকা। মাদক বহনে ব্যবহৃত ৮০ হাজার টাকা মূল্যের ইজিবাইকটিও জব্দ করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More