স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বাংলা নববর্ষ ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে কোর্টপাড়া ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে ‘ব্যবস্থাপনা ও সর্বজনীন বৈশাখী শোভাযাত্রা’ উপকমিটি এবং ‘লোকজ সাংস্কৃতিক মেলা’ উদযাপন উপকমিটির দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। গতপরশু বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভা দুটি অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অধ্যাপক সিদ্দিকুর রহমান, সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সাংবাদিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হুসাইন মালিক, পৌর কলেজের প্রভাষক আয়েশা আক্তার রিক্তা, জাসাস সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস জাহান, ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা এবং সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৪ এপ্রিল মঙ্গলবার পহেলা বৈশাখের দিন চুয়াডাঙ্গা কোর্টপাড়া ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা সমবেত হবেন। সকাল ৮টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হবে। সকাল সোয়া ৮টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি কোর্ট মোড় হয়ে শহীদ হাসান চত্বর, শহীদ আবুল কাশেম সড়ক ও কবরী রোড হয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজ মুক্তমঞ্চে গিয়ে শেষ হবে। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা, মুড়ি-মুড়কি আপ্যায়ন ও লাঠি খেলা অনুষ্ঠিত হবে। বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণকারী দলগুলোর জন্য তিনটি বিভাগে মোট ৯টি পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এছাড়া জেলা প্রশাসক ব্যক্তিগতভাবে দুজনকে আলাদা পুরস্কার প্রদান করবেন। চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে তিন দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। মেলার প্রথম দিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং পরবর্তী দুদিন একই সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। মেলায় বাঙালি ঐতিহ্য সমৃদ্ধ স্টল থাকবে। মেলায় নারী-পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.