মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকসহ ১১ জনকে আটক করেছে। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সীমান্তের বাঘাডাংগা, পলিয়ানপুর ও কুসুমপুর এলাকায় এসব অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি। বিজিবি সূত্র জানায়, রোববার দুপুর ১টা ২০ মিনিটে বাঘাডাংগা বিওপির হুদাপাড়া গ্রামের একটি ভুট্টা খেত থেকে জালিম শেখ (৫২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। তিনি পশ্চিমবঙ্গের হুগলী জেলার পানডুয়া থানার বাঁটিকা গ্রামের নাসির উদ্দিন শেখের ছেলে। অবৈধভাবে দালালের মাধ্যমে তিনি ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, আধার কার্ড, মোবাইল ফোন এবং নগদ ৮৪৫ রুপি উদ্ধার করা হয়েছে । তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। একই দিনে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১০ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। ভোর ৬টা ১০ মিনিটে পলিয়ানপুর সীমান্ত থেকে রবিউল ইসলাম (২৮) নামে এক যুবকসহ একজন নারী ও দুই শিশুকে আটক করা হয়। সকাল ১০টার দিকে কুসুমপুর সীমান্তের পিপুলবাড়িয়া গ্রাম থেকে আটক করা হয় ফরিদপুরের মো. সাগর ফকিরকে (২৭)। এছাড়া দুপুর ১টা ২০ মিনিটে বাঘাডাংগা সীমান্ত থেকে আরও ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ঠাকুরগাঁওয়ের মো. রাসেল (৩৭), গোপালগঞ্জের সুমন গোলদার (২০), বাগেরহাটের অশোক কুমার মন্ডল (৫২), রাজবাড়ীর শামীম (৪৬) এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চিত্ত রঞ্জন বিশ্বাস (৩৯)। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এদিকে সকাল পৌনে ৮টার দিকে রাজাপুর বিওপি সংলগ্ন হালদারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে টহল দল। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.