মেহেরপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে শিল্পী রানী রায়ের দায়িত্ব গ্রহণ
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে নবাগত জেলা প্রশাসক (ডিসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন শিল্পী রানী রায়। বৃহস্পতিবার দুপুরে তিনি বিদায়ী জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। দায়িত্ব হস্তান্তরকালে বিদায়ী জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান এবং জেলা পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায় মেহেরপুর জেলার সার্বিক উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তা ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। এদিকে, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন (বিএএসএ), মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বিদায়ী জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরকে বিদায় সংবর্ধনা এবং নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায়কে বরণ করে নেয়া হয়েছে। বুধবার দিবাগত রাতে মেহেরপুর সার্কিট হাউস মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলামসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন, হাবিবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের কর্মদক্ষতা ও অবদানের প্রশংসা করেন এবং নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সফলতা কামনা করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.