স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার নূরনগর কলোনি পাড়ায় অত্যন্ত বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপচে পড়া ভিড় আর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই ম্যাচে অল স্টার ক্লাব-কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জনকল্যাণ পরিষদ। মাঠে বল গড়ানোর শুরু থেকেই দুই শক্তিশালী দলের মধ্যে ছিল টানটান উত্তেজনা। অল স্টার ক্লাব ও জনকল্যাণ পরিষদের খেলোয়াড়দের নান্দনিক ফুটবল শৈলী দর্শকদের মুগ্ধ করে। শেষ পর্যন্ত অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে জনকল্যাণ পরিষদ জয় ছিনিয়ে নেয়। পুরো ম্যাচটি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেন রেফারি ওমর ফারুক। খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল নূরনগর কলোনির অল স্টার ক্লাব। ক্লাবটির প্রতিষ্ঠাতা এম এইচ মোস্তফা’র দক্ষ নেতৃত্ব, সুপরিকল্পনা ও আন্তরিক প্রচেষ্টায় পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়, যা উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের উৎসাহিত করেন টুয়েলভ পাওয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সাব্বির আহমেদ সবুজ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ নান্টু, আলাউদ্দিন, সানোয়ার, লুকমান, সিরাজুল ও শিপলু। বিজয়ী দল জনকল্যাণ পরিষদের সভাপতি মনিরুজ্জামান বাবু খেলোয়াড়দের অনুপ্রেরণা দিতে শুরু থেকেই মাঠে ছিলেন। তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন আজিম, আজাদ, জাহিদ, সোলাইমান, ইয়ার আলী, দুখু, তোতা, রানা এবং বিপুল সংখ্যক দর্শক। দর্শকদের মুহুর্মুহু করতালিতে পুরো মাঠ এক উৎসবমুখর জনপদে পরিণত হয়। আয়োজক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ মনে করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে মাদক, মোবাইল আসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে। একটি সুন্দর, সচেতন ও আদর্শ সমাজ গড়ার লক্ষ্যে সুস্থ বিনোদন ও এ ধরনের ইতিবাচক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.