দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা সদরের দশমীপাড়ায় একটি পরিত্যক্ত পুকুরের পানিতে ভাসছিল কামাল উদ্দীন(৭০) নামের এক বৃদ্ধর মরদেহ। ভাসন্ত মরদেহটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২ টার দিকে জেলার দামুড়হুদা উপজেলা সদরের দশমী এলাকায় একটি পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহটি থানায় নেয়া হলে পরিবারের সদস্যরা কামাল উদ্দিন বলে শনাক্ত করেন। নিহত কামাল উদ্দিন দামুড়হুদা সদর ইউনিয়নের বদনপুর গ্রামের মৃত বিশারত আলীর ছেলে। তিনি উপজেলা শিক্ষা অফিসে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন এবং কয়েক বছর আগেই অবসর গ্রহণ করেন।
পরিবারের সদস্যদের দাবি, কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। এ কারণে তিনি প্রায়ই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন। গতকাল মঙ্গলবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো একসময় তিনি পুকুরের পানিতে পড়ে গিয়ে মারা যেতে পারেন।
তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলেও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দামুড়হুদা সার্কেল সিনিয়র সহকারী (পুলিশ সুপার) আনোয়ারুল কবীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধারের পর তার পরিচয় সনাক্ত করেছেন স্বজনেরা। ময়না তদন্তের পর মরদেহ হস্তান্তর করা হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.