গণমাধ্যমে এক যুগের সফল পথচলা: ডিবিসি নিউজে যোগ দিলেন চুয়াডাঙ্গার কৃতিসন্তান আনজাম খালেক

স্টাফ রিপোর্টার: দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, বর্তমানে টিআরপি তালিকায় শীর্ষ অবস্থানে থাকা ডিবিসি নিউজে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে যোগ দিয়েছেন পরিচিত মুখ, অনুসন্ধানী সাংবাদিক আনজাম খালেক।

দীর্ঘ প্রায় এক যুগের সাংবাদিকতা জীবনে মাঠপর্যায়ের রিপোর্টিং, অনুসন্ধানী সংবাদ এবং পেশাদারিত্বের মাধ্যমে তিনি নিজেকে একজন দক্ষ ও বিশ্বাসযোগ্য সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এই সময়ে তিনি বিশেষ প্রতিবেদনের জন্য অ্যাওয়ার্ড, বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড, সেরা সাংবাদিকের অ্যাওয়ার্ডসহ অগণিত পুরস্কার অর্জন করেছেন, যা তার পেশাগত উৎকর্ষ এবং সাংবাদিকতা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি।

এর আগে তিনি গ্লোবাল টেলিভিশনে বিশেষ প্রতিবেদক হিসেবে ৩ বছর দায়িত্ব পালন করেন। এছাড়াও এসএ টিভি, সময় টিভি, আনন্দ টিভি, একুশে টিভি ও ভয়েস টিভিসহ দেশের একাধিক শীর্ষস্থানীয় গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এই দীর্ঘ পথচলায় তিনি অসংখ্য অনুসন্ধানী ও প্রভাবশালী প্রতিবেদন উপস্থাপন করেছেন, যা জনস্বার্থ রক্ষা ও সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তাছাড়া, সাংবাদিকতার শুরু থেকেই তিনি স্থানীয় গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন। চুয়াডাঙ্গার জনপ্রিয় দৈনিক ‘মাথাভাঙ্গা’ পত্রিকা সহ বিভিন্ন স্থানীয় গণমাধ্যমে কাজ করে তিনি নিজের সাংবাদিকতা জীবনের ভিত্তি গড়েছিলেন।

সাংবাদিকতার পাশাপাশি পেশাগত অধিকার ও কল্যাণ প্রশ্নে তিনি সবসময়ই সোচ্চার। সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কাজ করা সংগঠন ‘ইউনাইটেড মিডিয়া ফোরাম’-এর আহ্বায়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। সাংবাদিক সমাজের ন্যায্য দাবি ও পেশাগত মর্যাদা রক্ষায় তার এই ভূমিকা প্রশংসিত হয়েছে সহকর্মী ও গণমাধ্যম সংশ্লিষ্টদের কাছে।

ব্যক্তিগত জীবনে আনজাম খালেক চুয়াডাঙ্গার কৃতিসন্তান। চুয়াডাঙ্গা শহরের বাগান পাড়া এলাকার এই সন্তান স্থানীয় পর্যায় থেকে জাতীয় গণমাধ্যমে নিজের অবস্থান তৈরি করে তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তার এই যোগদানে ডিবিসি নিউজের সংবাদ বিভাগ আরও সমৃদ্ধ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অভিজ্ঞ, অনুসন্ধানী মানসিকতাসম্পন্ন এবং মাঠপর্যায়ে দক্ষ এই সাংবাদিকের যুক্ত হওয়ায় চ্যানেলটির সংবাদ বিভাগ আরও শক্তিশালী ও গতিশীল হবে। বিশেষ করে অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদনে নতুন মাত্রা যোগ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সাংবাদিক আনজাম খালেকের কর্মজীবনে শুরু হলো আরও দায়িত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ এক অধ্যায়—যা ডিবিসি নিউজের পাশাপাশি দেশের সাংবাদিকতা অঙ্গনেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More