স্টাফ রিপোর্টার:জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল ও শান্তিপূর্ণ বিরোধী শক্তি হিসেবে কাজ করার অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বার্তায় তিনি বলেন, দীর্ঘ সময় ধরে নানা প্রতিবন্ধকতা, ভয়ভীতি ও প্রশাসনিক চাপের মধ্যেও যারা মাঠে সক্রিয় ছিলেন, তাদের দৃঢ়তা দেশের গণতান্ত্রিক চর্চাকে আরও শক্ত ভিত্তি দিয়েছে। নির্বাচনের ফলাফল নিয়ে স্বাভাবিকভাবেই কিছু হতাশা থাকতে পারে উল্লেখ করে তিনি জানান, ৭৭টি আসন লাভের মাধ্যমে দলটি সংসদে তাদের উপস্থিতি কয়েকগুণ বাড়াতে সক্ষম হয়েছে। তার ভাষায়, এটি পরাজয় নয়; বরং ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি।
অতীতের উদাহরণ টেনে তিনি বলেন, রাজনীতিতে উত্থান-পতন স্বাভাবিক। ২০০৮ সালে বিএনপি মাত্র ৩০টি আসন পেয়েছিল; কিন্তু দীর্ঘ পথ পেরিয়ে ২০২৬ সালে তারা সরকার গঠনের অবস্থানে পৌঁছেছে। তাই ধৈর্য, সাংগঠনিক শক্তি ও জনআস্থাই আগামী দিনের সাফল্যের মূল চাবিকাঠি বলে মন্তব্য করেন তিনি।
ড. শফিকুর রহমান আরও বলেন, তাদের আন্দোলন কেবল একটি নির্বাচনে জয়লাভের জন্য ছিল না; বরং জবাবদিহিমূলক, নাগরিক অধিকারভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই তাদের প্রধান লক্ষ্য। সংসদে গঠনমূলক ভূমিকা রাখা, সরকারের কার্যক্রমের সমালোচনামূলক পর্যালোচনা করা এবং জনস্বার্থের প্রশ্নে সোচ্চার থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।
সবশেষে তিনি দলীয় নেতা-কর্মীদের শান্ত, শৃঙ্খলাবদ্ধ ও নীতিনিষ্ঠ রাজনীতিতে অবিচল থাকার আহ্বান জানান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.