দামুড়হুদার হেমায়েতপুরে স্কুল দপ্তরিকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হেমায়েতপুরে হারুন-উর রশিদ (৩৯) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত হারুন-উর রশিদ দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের ক্লাবপাড়ার বাসিন্দা শাহাজান আলীর ছেলে। তিনি হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত।

হারুন-উর রশিদ জানান, সকালে বিদ্যালয়ে দায়িত্ব পালনের পর নাস্তা করার জন্য বাইরে বের হন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই তারা প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। তার চিৎকারে স্থানীয়রা ও বিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও শিক্ষকরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। হামলার কারণ কিংবা হামলাকারীদের পরিচয় সম্পর্কে তিনি কিছু জানেন না বলে জানান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, আহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে দুই হাত ও পেটে গুরুতর ক্ষত পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ভুক্তভোগী এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। এ ঘটনায় লিখিত অভিযোগ বা মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More