সপরিবারে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির

স্টাফ রিপোর্টার:ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণপত্রে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং তাদের কন্যা জাইমা রহমানের কথাও উল্লেখ করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) পাঠানো এক চিঠিতে মোদি লেখেন, ‘ভারতে আপনাকে আন্তরিক স্বাগত জানাতে আমরা প্রস্তুত।’ তিনি সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন জানান।

মোদি লেখেন, ‘আপনি যখন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করছেন, তখন আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।’

চিঠিতে তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন এবং শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনার ভিশনের প্রতি তাদের সমর্থনের বহিঃপ্রকাশ।

দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশের সম্পর্ক ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং শান্তি-সমৃদ্ধির যৌথ আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে উঠেছে উল্লেখ করে মোদি বলেন, ‘আমাদের উন্নয়ন অগ্রাধিকারের দৃঢ় মিল ভবিষ্যৎ সহযোগিতার পথনির্দেশক হবে।’

তিনি আরও লেখেন, ‘সংযোগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যসেবা এবং সাংস্কৃতিক ও জনগণের মধ্যে বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।’

মোদি বলেন, ‘দুই দ্রুত বর্ধনশীল অর্থনীতি ও উচ্চাকাঙ্ক্ষী সমাজ হিসেবে ভারত ও বাংলাদেশ একে অপরের টেকসই প্রবৃদ্ধির অনুঘটক হতে পারে, পারস্পরিক নিরাপত্তায় কাজ করতে পারে এবং যৌথ সমৃদ্ধি নিশ্চিত করতে পারে।’

চিঠির শেষে তিনি তারেক রহমান, ডা. জুবাইদা রহমান এবং জাইমা রহমানকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More