মেহেরপুর প্রতিনিধি:পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উদযাপনকে সামনে রেখে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খাইরুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল হুদা, গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ এবং হোটেল জামে মসজিদের ইমাম রোকনুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
সভায় পবিত্র ঈদ-উল-ফিতর যথাযোগ্য মর্যাদা, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির আসন্ন ঈদ উপলক্ষে জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাজার মনিটরিং জোরদার করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং ঈদের জামাতসমূহ সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ ছাড়া ঈদের আগে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, যানজট নিয়ন্ত্রণ, মসজিদ ও ঈদগাহে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় অংশগ্রহণকারীরা আসন্ন ঈদের প্রস্তুতি সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব ও সম্ভাব্য চাঁদ দেখার ভিত্তিতে বাংলাদেশে পবিত্র ঈদ-উল-ফিতর আগামী ২১ মার্চ (শনিবার) উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত তারিখ জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.