মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আটক ৭

স্টাফ রিপোর্টার:ফেনীর ছাগলনাইয়া উপজেলায় কৃষিজমির মাটি কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (১৪ মার্চ) গভীর রাতে উপজেলার পাঠাননগর ইউনিয়নের কন্ট্রাক্টর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নিহত আবু আহাম্মদ হোনা মিয়া (৩৭) ছাগলনাইয়া উপজেলার পূর্ব পাঠানগড় গ্রামের আবুল কাশেমের ছেলে। স্থানীয়দের দাবি, তিনি যুবদলের কর্মী ছিলেন।

আহতরা হলেন—একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আলাউদ্দিন সুজন (৩০) এবং নিহতের বড় ভাই নূরুল আলম কালা (৪০)। গুরুতর আহত সুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নূরুল আলম কালা ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনা উপেক্ষা করে কৃষিজমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে সংসদ সদস্য রফিকুল আলম মজনু মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করলেও গোপনে মাটি কাটার কার্যক্রম অব্যাহত ছিল।

গত কয়েকদিন ধরে পাঠাননগর ইউনিয়নের কন্ট্রাক্টর মসজিদ এলাকায় মাটি কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শনিবার দিবাগত রাতে সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহার করা হয় বলে জানা গেছে।

রাত প্রায় ৩টার দিকে গুরুতর আহত তিনজনকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হোনা মিয়াকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে গ্রামবাসীর সহযোগিতায় ছাত্রদলের মাহাতির মজুমদার ও কামরুল হাসান জাহিদসহ সাতজনকে আটক করেছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার জন্য অভিযান চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More