কার্পাসডাঙ্গায় গভীর রাতে চড়া দামে তেল বিক্রি : ৫ ব্যারেল জব্দসহ জরিমানা জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে জনসাধারণের মাঝে উন্মুক্ত বিক্রি

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গভীর রাতে অবৈধভাবে খোলা বাজারে চড়া দামে তেল বিক্রি করার সময় হাসান অটোমোবাইল সেন্টারে অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় ওই দোকান থেকে ৫ ব্যারেল পেট্রোল ও অকটেন জব্দ করে প্রশাসন। ওই অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে। গতকাল শনিবার সকাল থেকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে জনসাধারণের মাঝে বিক্রি করা হয়। এর আগে শুক্রবার দিনগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকায় ওই অভিযান চালানো হয়।

স্থানীয় ও অভিযান সূত্রে জানাগেছে, দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারের হাসান অটোমোবাইল সেন্টারে অবৈধভাবে মজুদ রেখে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল, অকটেন বিক্রির অভিযোগে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন। এসময় ওই দোকান থেকে ৫ ব্যারেল পেট্রোল ও অকটেন জব্দ করা হয়। অভিযানের আগেই ব্যবসায়ী পালিয়ে যায়। পরে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উবায়দুর রহমান সাহেলের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহাদ চৌধুরী তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতিষ্ঠানটিকে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ ধারায় দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকা জরিমানা করেন।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উবায়দুর রহমান সাহেল জানান, উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা এলাকার হাসান অটোমোবাইল সেন্টারে গভীর রাতে অবৈধভাবে মজুদ রেখে খোলা বাজারে চড়া দামে তেল বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। জ্বালানি তেল বিক্রির কোনো বৈধ অনুমোদন না থাকলেও বিপুল পরিমাণ তেল মজুদ রেখে বিক্রির অপরাধে ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওই সময় জব্দ করা হয় ৫ ব্যারেল পেট্রোল ও অকটেন। গতকাল শনিবার সকাল থেকে সরকার নির্ধারিত মূল্যে জব্দকৃত জ্বালানি তেলগুলো জনসাধারণের মাঝে বিক্রি করা হয়েছে। বিক্রি করা তেলের অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More