মেহেরপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ী নিহত

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের কোটপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ইমন (৩০) নামের এক গার্মেন্টস ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় হুমায়ুন কবির (৪০) নামের আরও একজন আহত হয়েছেন। রোববার দুপুরে শহরের কোটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন মেহেরপুর শহরের বোসপাড়ার বাবুল হোসেনের ছেলে এবং কুমারখালী গার্মেন্টস অ্যান্ড বস্ত্রালয়ের স্বত্বাধিকারী। আহত হুমায়ুন কবির কুষ্টিয়ার কুমারখালী এলাকার আবুল খায়েরের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে মুজিবনগর থেকে মেহেরপুর শহরের দিকে আসছিলেন ইমন ও হুমায়ুন কবির। পথে কোটপাড়া এলাকায় একটি গম বোঝাই ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে রাস্তায় গম ছড়িয়ে পড়ে। ছড়িয়ে থাকা গমের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। এ সময় দ্রুতগতিতে আসা ইটবোঝাই একটি ট্রাক্টর তাদের ওপর উঠে গেলে গুরুতর আহত হন দুজনই। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টরটি হেফাজতে নেয়া হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More