স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় কাওসার আলী (৫০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন পাঁচ যাত্রী। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার বারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার আলী উপজেলার বারবাজারের হাসিলবাগ গ্রামের মৃত জাফর আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস বারবাজার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সাইকেল আরোহী কাওসার আলীকে চাপা দেয় এবং পরে সড়কের পাশের একটি খাবার হোটেলে গিয়ে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই কাওসার আলীর মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হন, তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.