অধিনায়কের বীরত্বে বিশ্বরেকর্ড গড়ে জিতলো নিউজিল্যান্ড

 

মাথাভাঙ্গা মনিটর: নিউজিল্যান্ড নারী দলের অধিনায়ক অ্যামেলিয়া কেরের অতিমানবীয় ব্যাটিংয়ে বিশ্বরেকর্ড গড়ে জয় ছিনিয়ে নিয়েছে কিউইরা। দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৪৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ২ বল ও ২ উইকেট হাতে রেখে জিতে ইতিহাস গড়ে নিউজিল্যান্ড। নারী ওয়ানডে ক্রিকেটে এর আগে ৩৩৯ রানের বেশি তাড়া করে জয়ের কোনো রেকর্ড ছিল না। গত বছর ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার দেয়া ৩৪০ রানের লক্ষ্য তাড়া করে রেকর্ড গড়েছিল ভারত। যা ছিল নারী ওয়ানডেতে সর্বোচ্চ লক্ষ্য তাড়ায় জয়। মাত্র ৬ মাসের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখল নিউজিল্যান্ড। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রোটিয়াদের মুখোমুখি হয় কিউইরা। প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা এদিন আগে ব্যাট করে অ্যানেকি বশের ৯১, লরা উলভার্টের ৬৯ এবং ক্লো ট্রাইয়নের ৫২ রানের ওপর ভর করে ৬ উইকেটে ৩৪৬ রানের পাহাড় গড়ে। এদিন উইকেট পাননি কিউই অধিনায়ক। তবে সেটি উসুল করে দিয়েছেন ব্যাটিংয়ে। কিউইদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন ব্রি লিং। লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও এক প্রান্ত আগলে রেখে অদম্য লড়াই চালিয়ে যান অ্যামেলিয়া কের। তাকে যোগ্য সঙ্গ দেন ইসাবেলা গেজ (৬৮)। বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও অ্যামেলিয়া ১৩৯ বলে ২৩টি চার ও ১টি ছক্কায় ১৭৯ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলে অপরাজিত থাকেন। তার এই বীরত্বপূর্ণ ইনিংসেই নিশ্চিত হয় কিউইদের ঐতিহাসিক জয়। প্রোটিয়াদের পক্ষে ৩ উইকেট নেন আয়াবোঙ্গা খাকা। এই ইনিংসের মাধ্যমে ব্যক্তিগত রেকর্ডের খাতায়ও নতুন নাম লিখিয়েছেন অ্যামেলিয়া। ওয়ানডেতে সপ্তম সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেললেন ডানহাতি এই ব্যাটার। অবশ্য ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ডটিও তার দখলে। ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৪৫ বলে ২৩২ রানের অতিমানবীয় ইনিংস খেলেন অ্যামেলিয়া। তার আগে প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক (২২৯)। ওয়ানডেতে সর্বোচ্চ রানের সেই ইনিংস টিকেছিল ২১ বছর। এখন পর্যন্ত নারী ওয়ানডেতে এই দুজনের দ্বিশতক আছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More