আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকায় ১০ বছর বয়সী শিশুকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে যশোরের এক বখাটে যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা কপোতাক্ষ ট্রেনটি আলমডাঙ্গা স্টেশন অতিক্রমের পরপরই এ ঘটনা ঘটে। জানা গেছে, যশোর জেলার রাজারহাট এলাকার মৃত এলাহী বক্সের ছেলে সবুজ সর্দার (৩২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ভুক্তভোগী শিশুটি যশোর রেলওয়ে স্টেশন সংলগ্ন বস্তিতে বসবাস করে। তার মা অন্যত্র বিবাহিত হয়ে চলে যাওয়ায় এবং বাবা নাসির উদ্দিন পুনরায় বিয়ে করায় সৎমায়ের সংসারেই তার বেড়ে ওঠা। ঘটনার দিন সকালে শিশুটি যশোর স্টেশন থেকে কপোতাক্ষ ট্রেনে উঠে আলমডাঙ্গা স্টেশনে নামে। একই ট্রেনে আসা সবুজ সর্দার শিশুটির সঙ্গে সখ্য গড়ে তুলে তাকে চিপস কিনে দেয় এবং পরে সিঙ্গাড়া কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে রেললাইন ধরে ফাঁকা স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় স্থানীয় লোকজন বিষয়টি সন্দেহজনক মনে করে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে যুবকের কাছে বিষয়টি জানতে চাইলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। এতে জনতার সন্দেহ আরও ঘনীভূত হয় এবং তারা ধাওয়া দিয়ে তাকে আটক করে উত্তম-মাধ্যম দেয়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে। পরে পুলিশ তাদেরকে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের কাছে হস্তান্তর করে। রেলওয়ে পুলিশ জানায়, শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তার সঠিক ঠিকানায় পৌঁছে দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। আটক বখাটে যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত পুলিশের হস্তক্ষেপ এবং শিশুটিকে নিরাপদে উদ্ধারের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.