স্টাফ রিপোর্টার: সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে চুয়াডাঙ্গায় জোরদার করা হয়েছে পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযান। পুলিশ সুপার রুহুল কবীর খান-এর দিকনির্দেশনায় জেলা ট্রাফিক বিভাগ দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে। গতকাল রোববার জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ ও রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। জানা গেছে, জেলার ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালিত হয়। এর মধ্যে ছিল চুয়াডাঙ্গা ফুড গোডাউন ও কালুর হোটেলের সামনে, দৌলাতদিয়াড়, আবহাওয়া অফিস সংলগ্ন এলাকা, দর্শনা থানা বাসস্ট্যান্ড, জীবননগর বাসস্ট্যান্ড এবং আলমডাঙ্গা শহর। প্রতিটি স্থানে পৃথকভাবে চেকপোস্ট বসিয়ে কঠোর নজরদারি চালানো হয়। অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৩৬টি মামলা দায়ের করা হয় এবং ২ লাখ ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে রেজিস্ট্রেশনবিহীন ৬টি, ড্রাইভিং লাইসেন্সবিহীন ২৩টি এবং হেলমেটবিহীন ৭টি মামলা অন্তর্ভুক্ত রয়েছে। চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের টিআই (অ্যাডমিন) আমিরুল ইসলাম জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ ও ট্রাফিক বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত এমন অভিযান পরিচালিত হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমে আসবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.