স্টাফ রিপোর্টার: সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলায় জোরদার করা হয়েছে পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সুপার রুহুল কবির খানের দিকনির্দেশনায় জেলা ট্রাফিক বিভাগ দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে। গতকাল সোমবার জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ ও রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। একইসঙ্গে অবৈধ মালামাল পরিবহন হচ্ছে কি না, তাও তদারকি করা হয়। অভিযানকালে লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেলসহ বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৫৩ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ সময় মোট ২ লাখ ৬২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে রেজিস্ট্রেশনবিহীন ২টি, ড্রাইভিং লাইসেন্সবিহীন ৩৬টি এবং হেলমেটবিহীন ১৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। জানা গেছে, জেলার ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্ট চুয়াডাঙ্গা একাডেমি মোড়, দৌলাতদিয়াড়, আবহাওয়া অফিস সংলগ্ন এলাকা, দর্শনা থানা বাসস্ট্যান্ড, জীবননগর বাসস্ট্যান্ড এবং আলমডাঙ্গা শহরে পৃথকভাবে চেকপোস্ট বসিয়ে কঠোর নজরদারি চালানো হয়। চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের টিআই (অ্যাডমিন) আমিরুল ইসলাম জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ ও ট্রাফিক বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমে আসবে।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.