অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা

দর্শনা বাজারে জাতীয় ভোক্তা অধিকার অধিদফতরের অভিযান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা বাজারে তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান সূত্রে জানা গেছে, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় ও সংরক্ষণের দায়ে দর্শনা বাজারের ‘মেহেক মেডিসিন’-কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিজাত পণ্য সংরক্ষণের দায়ে ‘মিঠাই ঘর’ নামক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠান থেকে মোট ২০ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এসময় তিনি ব্যবসায়ীদের আইন মেনে মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য বিক্রি থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা প্রদান করেন। সেই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে সব অনিয়ম সংশোধনের নির্দেশ দেয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি চৌকস টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More