জনগণের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়

দামুড়হুদায় মতবিনিময়সভায় নবাগত জেলা প্রশাসক লুৎফুন নাহার

 

দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার দামুড়হুদা উপজেলার সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিগণের সাথে মতবিনিময়সভা করেছেন। গতকাল সোমবার দুপুর ১২টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার বলেন, দামুড়হুদা উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করবে। জনগণের সমস্যা সমাধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। আপনারা যে সমস্যাগুলো তুলে ধরেছেন, সেগুলো পর্যায়ক্রমে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সভায় তিনি সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ, সেবা কার্যক্রম সহজীকরণ এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, সন্ধ্যার পরে কোনো স্টুডেন্ট বাইরে থাকলে হবেনা, যারা অভিভাবক তারা অবশ্যই তাদের সন্তানদের দিকে খেয়াল করবেন। স্থানীয় দোকানদারদের বেশি বিক্রি ও লাভের আশায় কোনো স্টুডেন্ট বা ১৮ বছর বয়সের নিচে কারো কাছে সিগারেট বা তামাকজাত পণ্য বিক্রয় করতে নিষেধ করেন। স্কুল চলাকালীন সময়ে স্কুলের আশপাশের কোনো দোকান বা স্থানে স্কুলড্রেস পরা অবস্থায় কোনো স্টুডেন্ট থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উবায়দুর রহমান সাহেলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাগর দে, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল শামীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, দামুড়হুদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাও. আজিজুল রহমান, দামুড়হুদা উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েব আলী, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, দর্শনা প্রেসক্লাবের সভাপতি একরামুল হক পিপুল, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীন, হাউলী ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত নিজাম উদ্দিনসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানের প্রারম্ভেয় দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলম প্রজেক্টরের মাধ্যমে নবাগত জেলা প্রশাসককে দামুড়হুদা উপজেলার সার্বিক তথ্য উপস্থাপন করেন। মতবিনিময়সভায় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, ব্যবসায়ী, ধর্মীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় অর্থনৈতিক কার্যক্রম জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়। সভা শেষে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে মতবিনিময়সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More