আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া
প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ ও মেধাবী (টপ টেন) শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে মঞ্চে আয়োজনের কথা থাকলেও আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে অনুষ্ঠানটি বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে ক্রীড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। তিনি আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে এবং তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণে সহায়তা করে এবং ভবিষ্যতে ভালো ফলাফলের পথে এগিয়ে যেতে উৎসাহ জোগায়। সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করলে একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, একাডেমি সুপারভাইজার ইমরুল হক, সিনিয়র শিক্ষক শহিদুল আলম। সহকারী শিক্ষক মিজানুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক হাসিনুর রহমান, নজরুল ইসলাম, সমীর কুমার সাহা, কারেবী সুলতানা, আফরিন সুলতানা, শামীমা ইয়াসমিন, রাম কুমার সাহা, আলী কদর, ছায়া রাণীসহ সকল শিক্ষক কর্মচারী। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ‘সেরা দশ (ঞড়ঢ় ঞবহ)’ মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিকভাবে প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়, যা শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.