আলমডাঙ্গায় দিনব্যাপী বিভিন্ন কৃষি মাঠ পরিদর্শনে কৃষিবিদ আলমগীর বিশ্বাস
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় দিনব্যাপী ব্যস্ত সময় পার করেছেন কৃষি অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস। বুধবার সকালে আলমডাঙ্গায় পৌঁছেই তিনি উপজেলার একটি ব্লকের বিভিন্ন কৃষি মাঠ পরিদর্শন করেন এবং চলমান কার্যক্রমের খোঁজখবর নেন। পরিদর্শন শেষে দুপুরে আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। এসময় কৃষকদের মাঝে ফসল সংরক্ষণের জন্য ড্রাম, বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা, বস্তায় আদা চাষের জন্য আদা ও বস্তা এবং ট্রাইকো কম্পোস্ট তৈরির উপকরণ বিতরণ করা হয়। পরে তিনি যশোর অঞ্চলে বাস্তবায়নাধীন টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দিনব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে আলমডাঙ্গা উপজেলায় ‘পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। ২০২৫-২০২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ আলমগীর বিশ্বাস বলেন, বর্তমান কৃষি ব্যবস্থাকে টেকসই ও লাভজনক করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। কৃষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা আর্থিকভাবে আরও স্বাবলম্বী হবে। পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বহুমুখী ফসল চাষের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, সরকার কৃষি খাতকে এগিয়ে নিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এসব সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে কৃষকদের আধুনিক কৃষিতে অভ্যস্ত হতে হবে। উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে আয়োজিত এ কংগ্রেসে চুয়াডাঙ্গা কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর অঞ্চলের টেকসই প্রকল্পের পরিচালক রবিউল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ, পার্টনার প্রোগ্রামের সিনিয়র অফিসার সাজ্জাদ হোসেন, জেলা প্রশিক্ষক কর্মকর্মা কৃষ্ণ রায়, উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাসুদ কামাল। কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ মাহমুদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কৃষক, কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ফিল্ড স্কুল কার্যক্রমের মাধ্যমে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে, যার ফলে তারা আধুনিক ও টেকসই কৃষি পদ্ধতি সম্পর্কে বাস্তব ধারণা পাচ্ছেন। এতে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং কৃষকের আয়ও বাড়ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে।
তারা আরও বলেন, কৃষিকে লাভজনক ও টেকসই করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাঠপর্যায়ে কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের আরও বেশি সম্পৃক্ত করার ওপর জোর দেন বক্তারা। অনুষ্ঠানে সফল কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন এবং কৃষি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও আধুনিক কৃষি সম্প্রসারণে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.