চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে দেড় বছরের শিশুর করুণ মৃত্যু

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার নূরনগর গ্রামে গলায় ওষুধ আটকে জান্নাতুল নামে মাত্র দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জান্নাতুল সদর উপজেলার নূরনগর গ্রামের জালাল উদ্দিনের একমাত্র কন্যাসন্তান। পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু জান্নাতুল গত কয়েকদিন ধরে ডায়রিয়ায় ভুগছিল। মেয়ের আরোগ্য কামনায় তার মা রেশমা খাতুন স্থানীয় একটি দোকান থেকে একটি ‘মেট্রিল’ ট্যাবলেট কিনে আনেন। বেলা ৩টার দিকে অসাবধানতাবশত আস্ত ট্যাবলেটটি শিশুকে খাওয়াতে গেলে তা জান্নাতুলের গলায় আটকে যায়। মুহূর্তের মধ্যেই শিশুটি শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে এবং গুরুতর অসুস্থ হয়ে পড়ে। জান্নাতুলের অবস্থা বেগতিক দেখে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সোহরাব হোসেন জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই সে মারা গেছে। মূলত গলায় ট্যাবলেট আটকে শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, ছোট শিশুদের ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে পরিবারের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। একমাত্র সন্তানকে হারিয়ে মা-বাবা এখন দিশেহারা। জান্নাতুলের অকাল মৃত্যুতে নূরনগর গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামান্য অসাবধানতা যে এমন বড় বিপর্যয় ডেকে আনতে পারে, তা ভেবে এলাকাবাসীও স্তম্ভিত।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More