হরমুজে বাংলাদেশি জাহাজ ফিরিয়ে দিলো ইরান
মাথাভাঙ্গা মনিটর: মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চললেও হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। গতকাল সকালে প্রণালিটির কাছাকাছি পৌঁছালে ইরানি কর্তৃপক্ষ জাহাজটির ট্রানজিট ক্লিয়ারেন্সের আবেদন প্রত্যাখ্যান করে। ফলে সংযুক্ত আরব আমিরাতের শারজায় ফেরত যায় জাহাজটি। জানা যায়, আঞ্চলিক সংঘাতের কারণে জাহাজটি প্রায় ৪০ দিন ধরে ওই এলাকায় আটকা পড়ে ছিল। যুদ্ধবিরতি ঘোষণার পর বুধবার জাহাজটি সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে যাত্রা করে এবং প্রায় ৪০ ঘণ্টা ধরে প্রণালির দিকে অগ্রসর হয়। তবে গতকাল সকালে প্রণালিটির কাছাকাছি পৌঁছালে ইরানি কর্তৃপক্ষ জাহাজটির ট্রানজিট ক্লিয়ারেন্সের আবেদন প্রত্যাখ্যান করে। এরপর জাহাজটি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে শারজা বন্দরের দিকে যাত্রা করে। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, ‘ইরানি নির্দেশনা অনুযায়ী জাহাজটি ক্লিয়ারেন্স চেয়েছিল, কিন্তু সেই আবেদন নাকচ করে দেয়া হয়েছে। অনুমতি পাওয়ার জন্য কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের নাবিকদের নিয়ে জাহাজ নিরাপদ অবস্থানে চলে যাওয়ার নির্দেশনা দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘জাহাজটিতে ৩১ জন নাবিক রয়েছেন এবং তাঁদের জন্য পর্যাপ্ত খাদ্যসামগ্রী রয়েছে। সমুদ্রের পানি লবণমুক্ত করে প্রতিদিন প্রায় ১৮ টন মিঠা পানি উৎপাদন করা সম্ভব, যদিও এর জন্য ইঞ্জিনকে পূর্ণ সক্ষমতায় চালাতে হয়। বর্তমানে পানির ব্যবহার সীমিত করে দৈনিক প্রায় ৬ টনে রাখা হয়েছে। ক্রুদের মনোবল বজায় রাখতে কর্তৃপক্ষ প্রত্যেকের দৈনিক খাবার ভাতা ৭ থেকে বাড়িয়ে ১২ ডলার করেছে এবং তাঁদের মৌলিক বেতনের সমপরিমাণ অতিরিক্ত যুদ্ধভাতাও দেয়া হচ্ছে।’ বিএসসির তথ্য অনুযায়ী, জাহাজটি ভারত থেকে যাত্রা করে হরমুজ প্রণালি পার হয়ে ২ ফেব্রুয়ারি পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। পরে এটি কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জাবেল আলী বন্দরে পৌঁছায়। এর ঠিক এক দিন পরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালালে উত্তেজনা দ্রুত বেড়ে যায়। জবাবে পাল্টা হামলা শুরু হলে পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, বাংলার জয়যাত্রা বিএসসির বহরে যুক্ত হওয়া অন্যতম নতুন জাহাজ, যা চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্ত হয়েছিল।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.