দামুড়হুদার জয়রামপুরে নেশার টাকা না পেয়ে  বাবাকে পিটিয়ে জখম করলো ছেলে ও ভাই  

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর স্টেশনের পাশে নেশার টাকার জন্য মো. রকিবুল ইসলাম ঠান্টু (৪৫) নামের এক চা দোকানিকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে তার নিজ ছেলে ও ভাই। গতকাল শনিবার পৌনে ৭টার দিকে জয়রামপুর স্টেশনের পাশে ভুক্তভোগীর নিজ দোকানে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত রকিবুল ইসলাম ঠান্টু জয়রামপুর গ্রামের মৃত সাবদার হোসেনের ছেলে। অভিযুক্তরা হলেন তার ছেলে রিঙ্কু (২৫) এবং ভাই বাবলু (৫০)। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় নিজের দোকানে কাজ করছিলেন রকিবুল। এ সময় তার ছেলে রিঙ্কু ও ভাই বাবলু সেখানে গিয়ে নেশার টাকার জন্য তাকে চাপ দিতে থাকে। রকিবুল টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা পূর্বপরিকল্পিতভাবে লাঠি দিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করে। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে বাবলু পালিয়ে যেতে সক্ষম হলেও ঘাতক ছেলে রিঙ্কুকে চায়ের দোকানের ভেতরেই আটকে রাখে জনতা। পরবর্তীতে আহত রকিবুলের শ্যালক সাহাবুল ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জাফর ইকবাল জানান, আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় তার মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় স্থানীয় জনগণ ও ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অভিযুক্ত রিঙ্কুকে বর্তমানে স্থানীয় জনতা আটকে রেখেছে এবং পুলিশকে খবর দেয়া হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More