চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এমপি রাসেল
ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সদর উপজেলা আইসিটি অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ফলাফল অত্যন্ত সন্তোষজনক। গত বছরও এখান থেকে একজন ছাত্রী মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে, যা এই অঞ্চলের নারী শিক্ষার অগ্রগতির প্রমাণ। তবে আমাদের মনে রাখতে হবে, কেবল জিপিএ-৫ বা গোল্ডেন জিপিএ অর্জনই শিক্ষার মূল লক্ষ্য নয়। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।’
শিক্ষার্থীদের নৈতিক স্খলন ও সাম্প্রতিক কিছু সামাজিক সমস্যার কথা উল্লেখ করে এমপি রাসেল বলেন, ‘অভিভাবকরা অনেক স্বপ্ন নিয়ে মেয়েদের বিদ্যালয়ে পাঠান। কোনো ভুল সিদ্ধান্তে যেন নিজের ভবিষ্যৎ এবং বাবা-মায়ের সম্মান ক্ষুন্ন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আবেগের বশবর্তী হয়ে নিজের জীবন ধ্বংস করা কাম্য নয়।’ এ সময় তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত নূর আলী চেয়ারম্যানসহ সকল উদ্যোক্তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে চলতি বছরেই বিদ্যালয়ে একটি চারতলা ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। বিশেষ অতিথি ছিলেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান মহিউল আলম সুজন, চুয়াডাঙ্গা সদর উপজেলা জামায়াতের আমির মাও. বিল্লাল হোসাইন, ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মকলেছুর রহমান, সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠের প্রধান শিক্ষন সাইনুল ইসলাম, ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল হাই, ইলিয়াস হোসেন, শঙ্করচন্দ্র ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মামুন হাওলাদার প্রমুখ। শেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থী হাতে ক্রেষ্ট তুলে দেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.