সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র জমা দিলেন চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভাপতি রিনা

স্টাফ রিপোর্টার: বিএনপির সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভাপতি রউফুন নাহার রিনা। গতকাল রোববার দুপুরে ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র উত্তোলন ও জমা প্রদান করেন। এ সময় তিতুমীর কলেজের ছাত্রদল নেতৃবৃন্দ এবং চুয়াডাঙ্গা জেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র গ্রহণ করেন কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক এস কে সাদী। রউফুন নাহার রিনা চুয়াডাঙ্গা জেলা রাজনীতির এক পরিচিত ও পরীক্ষিত মুখ। ১৯৮১ সালে ছাত্রদলের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু। ১৯৮২ সালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের কমনরুম বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকে তিনি রাজপথে সক্রিয় রয়েছেন। ১৯৮৫ এবং ১৯৯০ সালে তিনি জেলা মহিলা দলের আহ্বায়ক মনোনীত হন। এরপর ২০০৫ এবং সর্বশেষ ২০২৩ সালে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে পুনরায় চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভাপতি নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি বহুবার হামলা ও মামলার শিকার হয়েছেন। ১৯৯৭ সালে দর্শনায় আওয়ামী লীগের আক্রমণ থেকে কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদুকে রক্ষা করতে গিয়ে তিনি গুরুতর আহত হন, যা তার মেরুদণ্ডে স্থায়ী ক্ষতি করে। এছাড়াও ২০০৬ সালের রাজনৈতিক আন্দোলনেও তিনি পুলিশের নির্যাতনের শিকার হয়েছিলেন। রাজনৈতিক পরিচয়ের বাইরেও রউফুন নাহার রিনা একজন বিশিষ্ট সমাজসেবক। তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি, চুয়াডাঙ্গা রোগী কল্যাণ সমিতি এবং শহর সমাজসেবার আজীবন সদস্য। বর্তমানে তিনি তেঁতুল শেখ কলেজের গভর্নিং বডির সভাপতি এবং মানবতা ফাউন্ডেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১০ সালে তিনি সম্মানজনক ‘সুফিয়া কামাল ফেলোশিপ’ অর্জন করেন। মাস্টার্স ডিগ্রিধারী এই সাবেক শিক্ষিকা তার দীর্ঘ ত্যাগের বিনিময়ে এবার সংরক্ষিত আসনে দলীয় চূড়ান্ত মনোনয়ন পাবেন বলে চুয়াডাঙ্গার নেতা-কর্মীরা অত্যন্ত আশাবাদী।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More