কুষ্টিয়ায় অবৈধভাবে তেল মজুতের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলার বিআইডিসি বাজারে অবৈধভাবে তেল মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে উজ্জ্বল শেখ নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ‘উজ্জ্বল স্টোর’ নামের দোকান থেকে প্রায় ১৫০ থেকে ২০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, চলমান জ্বালানি সংকটের মধ্যেও উজ্জ্বল শেখ দীর্ঘদিন ধরে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, এক ক্রেতার সঙ্গে মোবাইল ফোনে কথোপকথনে তিনি দাবি করেন, গত ১৫ দিনে প্রায় ৩ হাজার ২০০ লিটার পেট্রোল বিক্রি করেছেন, যা তার অবৈধ বাণিজ্যের ইঙ্গিত দেয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমন অভিযোগের ভিত্তিতে কুষ্টিয়া সদরের সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকানটিতে অভিযান চালান। এ সময় অবৈধভাবে তেল মজুতের প্রমাণ পাওয়ায় উজ্জ্বল শেখকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।