স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজার ঘিরে অসাধু সিন্ডিকেট নির্মূল এবং লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে শহরের শহীদ আবুল কাশেম সড়কের বাদুরতলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান। ক্যাব চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী, হাবিবি জহির রায়হান, অ্যাডভোকেট বদর উদ্দিন, লিটু বিশ্বাস, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান এবং জাহান্নারা মহিলা যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাহান্নারা খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনায় সহযোগিতা করেন মহিবুল হাবীব ও আরিফুর রহমান। বক্তারা বলেন, ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনসহ বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, আমদানি ব্যয়, শুল্ক এবং অন্যান্য খরচ বিবেচনায় ভোজ্যতেলের দাম যতটা বাড়ার কথা, বাস্তবে তার চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় হয়ে উঠেছে।’ তারা আরও বলেন, ভোজ্যতেল আমদানি ও সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং সিন্ডিকেট ভেঙে বাজারে সুস্থ প্রতিযোগিতা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বক্তারা নিয়মিত বাজার মনিটরিং এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারী দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। ভোক্তা অধিকার সংরক্ষণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, যেকোনো মূল্যে ভোজ্যতেলের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে।